প্রতিনিধিঃ মাখন মিয়া
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজের মাঠ এখন পরিণত হয়েছে জলাবদ্ধ এক খালে। কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠজুড়ে জমে থাকা স্থির পানি বর্তমানে দুর্গন্ধযুক্ত জলাশয়ে রূপ নিয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে মাঠের ঘাস কাটা ও রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও তা অবহেলিতই থেকে গেছে। ফলে মাঠের নিচু অংশে পানি জমে পড়ে আছে কাদা ও পচা ঘাসে ভরা দুর্গন্ধময় পানি।
একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখন মাঠের দিকে তাকালে মনে হয় এটা কোনো কলেজ মাঠ নয়, বরং একটা পরিত্যক্ত জলাশয়। এতে শুধু মাঠের সৌন্দর্য নষ্ট হচ্ছে না, বরং আমরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতেও পড়েছি।”
বর্তমানে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে মাঠে জমে থাকা এই পানি মশার প্রজননের আদর্শ পরিবেশ তৈরি করছে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
তারা আরও বলেন, “যে মাঠে প্রতিদিন শিক্ষার্থীরা খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেয়, সেই মাঠ যদি জলাবদ্ধ থাকে, তাহলে শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?”
শিক্ষার্থীদের দাবি—
দ্রুত মাঠের ঘাস কেটে পরিষ্কার করতে হবে। পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে হবে, যেন ভবিষ্যতে এমন সমস্যা আর না হয়।
এ বিষয়ে কলেজ প্রশাসনের অবিলম্বে কার্যকর উদ্যোগ কামনা করেছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী।
Leave a Reply