প্রতিনিধিঃ জুবায়ের বয়ান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে গফরগাঁওয়ে আয়োজন করে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগার। দিনব্যাপী এই আয়োজনে ছিল প্রশ্নোত্তর প্রতিযোগিতা ও আলোচনা সভা, যেখানে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ইসলামী বই তুলে দেওয়া হয়। প্রথম স্থান অর্জন করে মুহসিনাহ জামান তাসনিয়াহ (গফরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), দ্বিতীয় স্থান পায় আল জাবির আদিব ও মাশিয়াত জামান তায়্যিবাহ (শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়) এবং তৃতীয় হয় সাবিহা আক্তার স্মৃতি (চরশাঁখচূড়া আব্দুল হাফিজ দাখিল মাদ্রাসা)।
সভায় সভাপতিত্ব করেন শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসাইন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের বার্তা সম্পাদক ও কবি-সাহিত্যিক সমর ইসলাম, মাওলানা তাইজুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল হাফিজ, গফরগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক রুবেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল আনসারী, প্রভাষক সাব্বির কামাল ও সাংবাদিক আশরাফ ফারুকীসহ অনেকে।
অনুষ্ঠানের মূল প্রেরণা ছিলেন মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি আহমেদ ফাইজুস সালেহীন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনই সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। শিক্ষার্থীরা যেন সেই জীবন থেকে শিক্ষা নিয়ে বড় হতে পারে, এ জন্যই আমাদের এই আয়োজন।”
মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন গফরগাঁওয়ের তরুণ প্রজন্মকে সীরাত চর্চায় উদ্বুদ্ধ করতে নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করে আসছে। স্থানীয়রা মনে করছেন, এই ফাউন্ডেশন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নৈতিকতার আলোকবর্তিকা হয়ে উঠছে।
Leave a Reply